'রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন এড়ানোর কোনো কারণ নেই '

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন না করার মতো বিশ্বাসযোগ্য কোনো কারণ মিয়ানমারের নেই বলে মন্তব্য করেছেন মামলায় গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান।

১৭ নভেম্বর আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাত বছর পর আসা এই ঐতিহাসিক রায় রোহিঙ্গা ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার করবে। তাঁদের অনেকেই প্রায় এক দশক ধরে শরণার্থীশিবিরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

সুলেমান বলেন, ‘ভুক্তভোগীদের জন্য সময়টা সত্যিই অনেক দীর্ঘ। তাঁদের বেশির ভাগই গত প্রায় নয় বছর ধরে শরণার্থীশিবিরে দিন কাটাচ্ছেন। তাঁদের কাছে সময় যেন খুব ধীরে কেটেছে, আর ন্যায়বিচারও অধরা মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমার মনে হয়, আজকের রায় তাঁদের জন্য আশার বার্তা হওয়া উচিত। তাঁরা যে গণহত্যার শিকার হয়েছেন, তার জন্য দায়বদ্ধতা নিশ্চিত হবে—এমন আশাই এই রায় জোগাবে।’

বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঘোষণা করেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল।

২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করার সাত বছর পর এ রায় এলো। মিয়ানমারের সামরিক অভিযানের কারণে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

সুলেমান বলেন, আদালতের পর্যবেক্ষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এতে রোহিঙ্গাদের মিয়ানমারের আদিবাসী জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং গণহত্যার শিকার হওয়ার আগে কয়েক দশক ধরে তাঁদের ওপর চলা বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ‘গাম্বিয়া আদালতের সামনে যেসব বিষয় উত্থাপন করেছিল, এই রায়ে তার অনেকগুলোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।’

মাঠপর্যায়ে এই রায়ের বাস্তব প্রতিফলন কীভাবে ঘটবে—এমন প্রশ্নের জবাবে সুলেমান বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই রায় মেনে চলা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক।

তিনি বলেন, ‘এই রায় বাস্তবায়ন করতে মিয়ানমার বাধ্য। মামলার পুরো প্রক্রিয়ায় দেশটি অংশ নিয়েছে। তাই রায় বাস্তবায়ন না করার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য কারণ দেখানোর সুযোগ মিয়ানমারের নেই।’

রায় বাস্তবায়নের দায়িত্ব শুধু মিয়ানমারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, আদালতের সিদ্ধান্তকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা করতে পারে।

জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দেশগুলোর প্রতি রায় বাস্তবায়নে দেশটির ওপর প্রভাব খাটানোর আহ্বান জানান তিনি।

সুলেমান বলেন, ‘যাদের মিয়ানমারের ওপর প্রভাব ও চাপ প্রয়োগের ক্ষমতা রয়েছে, তাদের সবারই এই রায় বাস্তবায়নে সহায়তা ও উদ্যোগ নেওয়ার দিকে মনোযোগী হওয়া উচিত।’

গণহত্যার দায় ঘোষণা করার পাশাপাশি সহিংসতার পরিণতি মোকাবিলা এবং রোহিঙ্গা ভুক্তভোগীদের স্বাভাবিক জীবন পুনর্গঠনে সহায়তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এসব ব্যবস্থার মধ্যে রয়েছে শরণার্থীদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া, বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে পুনর্মিলিত করা, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা তার বিকল্প ব্যবস্থা করা এবং শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা।

নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিত করার উদ্যোগেও মিয়ানমারকে সহায়তা করতে হবে। একই সঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের ভবিষ্যৎ বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দিতে হবে।

সুলেমান বলেন, ‘আমার ধারণা, আদালত এর আগে যত প্রতিকারমূলক নির্দেশ দিয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বিস্তৃত।’

তিনি উল্লেখ করেন, গাম্বিয়ার উত্থাপিত কিছু দাবি আদালত নাকচ করলেও চাওয়া প্রায় সব প্রতিকারই মঞ্জুর করা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, ভবিষ্যতে গণহত্যামূলক সহিংসতা প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণের বিষয়ে কী প্রস্তাব রয়েছে, তা জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। পরবর্তী বিচারিক পর্যায়ে ক্ষতিপূরণের পরিমাণ ও তা প্রদানের পদ্ধতি নির্ধারণ করা হবে।

সুলেমান এসব পদক্ষেপকে ‘অত্যন্ত বিস্তৃত’ বলে বর্ণনা করেন। তাঁর মতে, আদালতের কাছে গাম্বিয়া যে ধরনের প্রতিকার চেয়েছিল, রায়টি তার সঙ্গে অনেকাংশেই সামঞ্জস্যপূর্ণ।

অন্যান্য গণহত্যা মামলায়ও প্রভাব ফেলতে পারে রায়

আন্তর্জাতিক বিচার আদালতে চলমান অন্যান্য গণহত্যা মামলায়, বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী মামলায়, মিয়ানমারের এই রায়ের প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সুলেমান বলেন, রায়টি একটি ‘গুরুত্বপূর্ণ আইনি নজির’ হয়ে থাকবে।

তবে মিয়ানমারের মামলার রায়ের ভিত্তিতে অন্য মামলাগুলোর ফলাফল আগাম অনুমান করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

সুলেমান বলেন, ‘গণহত্যা সনদের আওতায় এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তমূলক নজির। তবে অন্য মামলাগুলোতে এর কী প্রভাব পড়বে, তা আগাম বলার কোনো সুযোগ নেই। কারণ, প্রতিটি মামলার বিচার হবে সংশ্লিষ্ট ঘটনার তথ্য-প্রমাণের ভিত্তিতে।’

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে। দেশটির অভিযোগ, গাজায় সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি বাধ্যতামূলক অন্তর্বর্তী ব্যবস্থা জারি করেন। এর মধ্যে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার নির্দেশও ছিল। তবে মামলাটির চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি।

সুলেমান আশা প্রকাশ করেন, মিয়ানমারবিষয়ক এই রায় শুধু রোহিঙ্গা সংকটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করতে যারা কাজ করছেন, তাঁদেরও উৎসাহিত করবে।

তিনি বলেন, ‘আমি আশা করি, এই রায় বিশ্বজুড়ে মানুষের মধ্যে আন্তর্জাতিক জবাবদিহি ও ন্যায়বিচারের প্রতিশ্রুতির প্রতি আস্থা জোগাবে।’

তিনি আরও বলেন, ‘যারা ন্যায়বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাঁদের সবার জন্য আমার আশা, আইসিজের মতো প্রতিষ্ঠান তথ্য-প্রমাণ বিবেচনা করে ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে বিচার করবে—এই রায় সেই বিশ্বাসকে শক্তিশালী করবে।’

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত