দক্ষিণ লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে ইসরাইলি সেনাবাহিনী সরিয়ে নেওয়ার জোর দাবি তুলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপেরও কড়া সমালোচনা করেছেন তিনি।
লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আউন দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, লেবানন বর্তমানে দুটি বড় ও পরস্পর সম্পর্কিত পরীক্ষার সম্মুখীন। প্রথমত, দেশের কিছু অংশে ইসরাইলের দখলদারিত্ব; দ্বিতীয়ত, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অস্ত্র ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ইরানের প্রভাবশালী মহলের পক্ষ থেকে চলা বিদেশি হস্তক্ষেপ।
আউন আক্ষেপ প্রকাশ করে বলেন, একে অপরের সাথে জড়িত এই দুটি প্রধান বাধার কারণেই লেবাননবাসী তাদের স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে পারছে না।
ইসরাইলকে সতর্ক করে লেবাননের প্রেসিডেন্ট বলেন, লেবাননের মাটির প্রতিটি ইঞ্চি থেকে সেনা প্রত্যাহার করতে হবে, চলমান হামলা বন্ধ করতে হবে এবং আটক থাকা লেবানিজ নাগরিকদের মুক্তি দিতে হবে।
বিভিন্ন সূত্রের তথ্যমতে, ইসরাইলি কারাগারগুলোতে বেশ কয়েকজন লেবানিজ বন্দি রয়েছেন। এদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও দক্ষিণ লেবাননের সংঘাতে আটক হওয়া হিজবুল্লাহর সদস্যরাও অন্তর্ভুক্ত।
দেশের সকল অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীনে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জোসেফ আউন ঘোষণা দেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এমন কোনো অস্ত্র থাকতে দেওয়া হবে না, যা বিদেশি শক্তির নির্দেশে চলে বা তাদের স্বার্থ রক্ষা করে। সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে অস্ত্র সমর্পণের আহ্বান জানান।
উল্লেখ্য, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে লেবানন সরকার। দীর্ঘকাল ধরে লেবাননের জাতীয় সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তোলা এই গোষ্ঠীটি ইসরাইলকে প্রতিরোধের কথা বলে নিজেদের অস্ত্র ধারণের যৌক্তিকতা দাবি করে আসছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের নিয়মিত সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছিল। তবে হিজবুল্লাহ অস্ত্র ছাড়তে রাজি না হওয়ায় এবং ইসরাইল হামলা চালিয়ে যাওয়ায় সেই চুক্তির বাস্তবায়ন বর্তমানে স্থবির হয়ে আছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান অব্যাহত এদিকে শনিবারও দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জবেইল এবং মারজায়ুন জেলায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে বারাচিত শহরে ইসরাইলি সেনারা গুলিবর্ষণ করে এবং শহরের সীমান্ত এলাকায় তাদের সামরিক যান চলাচল করতে দেখা যায়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ-র কাফার তেবনিত শহরে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত না হওয়ায় দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া মারজায়ুন জেলার ওয়াদি আল-খিয়ামে ইসরাইলি বাহিনী তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে বলেও এনএনএ-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযানে অন্তত ৪ হাজার ৩৮৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ৪০৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে মোট ৮ হাজার ৯৫৩ জন নিহত এবং ৩০ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা