নেতানিয়াহুই আরও চার বছর প্রধানমন্ত্রী থাকতে চান!

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

ইসরায়েলে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে এ সরকার গঠনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ একগুচ্ছ শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে, আগামী চার বছর নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন, জোটে উগ্র ডানপন্থি ইতামার বেন-গভিরের দলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানো হলে জোটের সব শরিককে সমর্থন দিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে সম্ভাব্য জোট সরকার গঠনের আলোচনায় লিকুদের পক্ষ থেকে এসব শর্ত তুলে ধরা হয়েছে। তবে শর্তগুলো দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে শর্তগুলোর তালিকা উপস্থাপন করেন। চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, এগুলো লিকুদের আলোচনার প্রাথমিক অবস্থান।

 লিকুদের দেওয়া ১০ শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো—
1. আগামী চার বছর নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন। আইজেনকোটের সঙ্গে মেয়াদ ভাগাভাগি করে প্রধানমন্ত্রিত্বের কোনো ব্যবস্থা থাকবে না।
2. উগ্র ডানপন্থি ইতামার বেন-গভিরের দল ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আরব নেতৃত্বাধীন দুটি দলকে জোটের বাইরে রাখতে হবে।
3. ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু হলে জোটের সব শরিককে পূর্ণ সমর্থন দিতে হবে।
4. বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইনগুলো রাজনৈতিক ঐকমত্য না হওয়া পর্যন্ত বহাল রাখতে হবে।
5. ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশনের পরিবর্তে রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
6. অতি-ধর্মীয় ইহুদিদের (হারেদি) সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়ে বিদায়ী সরকারের প্রস্তাবের ভিত্তিতে বিল এগিয়ে নিতে হবে।
7. হামাসের নুখবা বাহিনীর আটক সদস্যদের বিষয়ে বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আনা যাবে না।
8. হামাসের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্তমান অবস্থান বজায় রাখতে হবে।
9. জোটের সব শরিককে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে ঘোষণায় স্বাক্ষর করতে হবে।
10. ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আরেকটি ঘোষণায় স্বাক্ষর করতে হবে।

তবে এসব শর্তের বিষয়ে আইজেনকোটের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, আইজেনকোটের জোটসংশ্লিষ্ট সূত্রগুলো প্রস্তাবটিকে প্রকৃত অর্থে ঐক্যের সরকার গঠনের উদ্যোগ হিসেবে দেখছে না। বরং তাদের মতে, এটি নেতানিয়াহুর একটি ‘প্রচারকৌশল’।

অন্যদিকে লিকুদ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত কমিশন, বিচার বিভাগ সংস্কার এবং সামরিক নিয়োগসংক্রান্ত বিষয়ে তাদের বিরুদ্ধে প্রকাশিত তিনটি অভিযোগ মিথ্যা। তবে বাকি শর্তগুলো নিয়ে দলটি কোনো মন্তব্য করেনি।

বর্তমানে সরকার গঠনের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন গাদি আইজেনকোট। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করলেও লিকুদের সঙ্গে বৃহত্তর ঐক্যের সরকার গঠনে আগ্রহ দেখিয়েছেন তিনি।

আইজেনকোটের পরিকল্পনা অনুযায়ী, তাঁর নেতৃত্বাধীন সরকারের মূল ভিত্তি হবে নেতানিয়াহুবিরোধী চারটি ইহুদি নেতৃত্বাধীন দল—ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস এবং ইসরায়েল বেইতেনু।

এ ছাড়া অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়টিও বিবেচনায় রেখেছেন তিনি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব না হলে নেসেটের আরব নেতৃত্বাধীন রাআম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে।

তবে এ পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েল বেইতেনুর চেয়ারম্যান আভিগদর লিবারম্যান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরব দল দুটির সমর্থনে গঠিত কোনো সংখ্যালঘু সরকারকে তাঁর দল সমর্থন করবে না।

গত ১৮ নভেম্বর জেরুজালেমে নেসেটে আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন নাফতালি বেনেট, ইয়ার গোলান, আভিগদর লিবারম্যান এবং ইয়ার লাপিদ। সেখানে সম্ভাব্য সরকার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শুক্রবার চ্যানেল ১২ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লিবারম্যান তাঁর অবস্থান আবারও স্পষ্ট করেন। তিনি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে অতি-ধর্মীয় ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমকে সঙ্গে নিয়ে সরকার গঠনের আহ্বান জানান। তাঁর মতে, এসব দলকে অন্তর্ভুক্ত করা গেলে ১২০ সদস্যের নেসেটে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব।
তবে ইউনাইটেড তোরাহ জুডাইজম আইজেনকোটের জোটের সঙ্গে সরকার গঠনের আলোচনায় অগ্রগতির খবর অস্বীকার করেছে। অন্যদিকে শাসও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র লিকুদ থেকে সরে আসার বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে।

লিবারম্যানের আশঙ্কা, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সংখ্যালঘু সরকার গঠন করা হলে শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে লাভবান হবেন নেতানিয়াহু। এতে তাঁকে ক্ষমতা থেকে সরানোর পরিবর্তে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, আরব দলগুলোর বিরত থাকার ওপর নির্ভর করে কোনো সংখ্যালঘু সরকার গঠিত হলে অল্প সময়ের মধ্যেই তা নেতানিয়াহুকে আবার ক্ষমতায় ফেরার পথ তৈরি করে দেবে। তাঁর মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে ডানপন্থিদের সমর্থন প্রয়োজন, শুধু বামপন্থিদের ওপর নির্ভর করলে চলবে না।
এ ধরনের সরকার গঠনের বিষয়ে নেসেটে ভোট হলে তিনি বিপক্ষে অবস্থান নেবেন বলেও জানান। তাঁর দাবি, পরিবর্তনপন্থি জোটের আরও অন্তত ১০ জন আইনপ্রণেতা একই অবস্থানে রয়েছেন।

এ ছাড়া নেতানিয়াহুকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী করার কোনো পালাক্রমিক ঐক্য সরকারের পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছেন লিবারম্যান। তাঁর ভাষায়, ইসরায়েলের রাজনীতিতে ‘নেতানিয়াহু যুগের অবসান ঘটানোই’ তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ।

তবে অতি-ধর্মীয় দলগুলোকে নিয়ে শেষ পর্যন্ত সরকার গঠন সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে শতভাগ নিশ্চিত বলেও দাবি করেন লিবারম্যান। যদিও সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি বলে স্বীকার করেছেন তিনি।

লিবারম্যানের ভাষায়, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো এখন একই জায়গায় এসে মিলেছে। ফলে অল্প সময়ের মধ্যেই আলোচনা শেষ করে নতুন সরকার গঠন করা সম্ভব।

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত