মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তিনি নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবার সামরিক হামলা শুরু করার পক্ষে ঝুঁকছেন। সম্প্রচার মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প নেটওয়ার্কটিকে জানান, তেহরানের সাথে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে, তবে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্ট ইরানি আলোচকদের 'পেশাদার ট্যাপ ড্যান্সার' (কৌশলে মূল বিষয় এড়িয়ে যাওয়া ব্যক্তি) হিসেবে অভিহিত করে বলেন, 'তারা সবসময় কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু সেসবই অর্থহীন বকওয়াস।'
হরমুজ প্রণালীতে তীব্র উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো, যেখানে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধ সত্ত্বেও তেলবাহী ট্যাংকারগুলোতে ইরানের হামলা অব্যাহত রয়েছে।
তেহরান এই অবরোধ ভেঙে বের হওয়ার পরীক্ষা চালাতে পারে—ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সতর্ক করে বলেন, অবরোধ অতিক্রমের চেষ্টা করা যেকোনো ইরানি জাহাজে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। অবরোধ লঙ্ঘনের চেষ্টাকারী জাহাজগুলোর ওপর মার্কিন বাহিনী গুলি চালাবে বলে তিনি ইঙ্গিত দেন।
ফক্স নিউজ জানায়, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদেরও প্রতিবাদ চালিয়ে যেতে উৎসাহিত করেছেন ট্রাম্প।
হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো আক্রমণের খবরের পরপরই তিনি এসব মন্তব্য করলেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জবাবে তেহরান ইসরাইল এবং অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
শত্রুতা অবসানের লক্ষ্যে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে; কিন্তু হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে মতবিরোধের জেরে পরে তা থমকে যায়। যুদ্ধ বন্ধের অব্যাহত প্রচেষ্টার মধ্যেও গত জুলাই থেকে পক্ষগুলোর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
সূত্র : আনাদুলু