ইরানের সামরিক সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে স্থলপথ ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক নতুন ইউনিট ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধের আট মাস পেরিয়ে গেলেও ওয়াশিংটন ও তেহরানের আলোচনা এবং বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দক্ষিণাঞ্চলীয় বন্দরে মার্কিন নৌ-অবরোধের কারণে সামুদ্রিক পথ কার্যত বন্ধ থাকায় ইরান এখন উত্তরের রুটগুলোর ওপর বেশি নির্ভরশীল। রাশিয়া ও মধ্য এশিয়া হয়ে অস্ত্র ও যন্ত্রাংশ ঢোকার পাশাপাশি চীন থেকে অস্ত্র সরবরাহের ইঙ্গিতও মিলছে।
অবাক করার বিষয় হলো, ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশের সূত্র খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৈরি উপাদানের তথ্যও সামনে এসেছে। ফ্লোরিডার টাম্পায় সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার ২০ সদস্যের এই ইউনিট চালু করলেও এর কর্মপদ্ধতির বিস্তারিত এখনো গোপন।
এই উদ্যোগের লক্ষ্য শুধু অস্ত্র নয়, ইরানের তেল রপ্তানিসহ আয়ের পথগুলোও আরও শক্তভাবে আটকে দেওয়া। ওয়াশিংটন আগে থেকেই তেহরানের ওপর নানা নিষেধাজ্ঞা ও অবরোধ বজায় রেখেছে।
যুদ্ধক্ষেত্রে ইরানের অস্ত্রভাণ্ডার
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ভর করে পাল্টা আঘাত হানছে ইরান। ইসরায়েল, উপসাগরীয় দেশ, মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীর জাহাজগুলো এই হামলার আওতায় এসেছে।
সেজ্জিলের মতো ক্ষেপণাস্ত্র প্রায় ২,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এবং অন্তত ৫০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এতে মধ্যপ্রাচ্যের বড় অংশসহ দক্ষিণ ইউরোপের কিছু এলাকাও নাগালের মধ্যে চলে আসে।
ইরানের মোট অস্ত্রের মজুত অজানা থাকলেও যুদ্ধের তীব্রতা এর সক্ষমতার ইঙ্গিত দেয়। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উদ্বেগ দীর্ঘদিনের।
দেশীয় উৎপাদন ও যন্ত্রাংশের সংকট
দীর্ঘদিনের অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরান নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করেছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন খাতে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) গবেষক পিটার ওয়েজেম্যানের মতে, নিষেধাজ্ঞা মোকাবিলায় নিজস্ব উৎপাদনই তেহরানের প্রধান ভরসা।
তবে আধুনিক মাইক্রোচিপ, সেমিকন্ডাক্টর ও বিশেষ মোটরের মতো জটিল যন্ত্রাংশ ইরান নিজে বানাতে পারে না। বেসামরিক ও সামরিক উভয় কাজে লাগে এমন এসব ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য মূলত উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশেই তৈরি হয়।
রাশিয়া ও চীনের ভূমিকা কতটা?
১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই রাশিয়া ইরানের অন্যতম প্রধান অস্ত্র অংশীদার, যদিও দুই দেশকে আলাদা করেছে কাস্পিয়ান সাগর। সাম্প্রতিক সময়ে রুশ সু-৩৫ যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছে তেহরান, যা যুদ্ধ শেষে সরবরাহের আশা করা হচ্ছে।
এ ছাড়া ইয়াক-১৩০ জেট, ম্যানপ্যাডস এবং হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র লঞ্চার নিয়েও বিভিন্ন চুক্তির তথ্য রয়েছে। তবে ওয়েজেম্যান মনে করেন, ইরানের বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের তুলনায় এসব বিদেশি চালান পরিমাণে বেশ সামান্য।
উল্টোদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের শাহেদ ড্রোন ও ফাতাহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ২০২২ ও ২০২৩ সালে সরবরাহ করা হয়েছিল।
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনকে ঘিরেও অস্ত্র সরবরাহের নানা আলোচনা রয়েছে। গত বছর ইসরায়েলের সাথে স্বল্পমেয়াদি সংঘাতের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধের আগে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে গুঞ্জন শোনা যায়।
হংকংয়ের মধ্যস্থতায় চীনা ম্যানপ্যাডস কেনার একটি চুক্তির খবরও প্রকাশিত হয়েছিল, যদিও বেইজিং এ ধরনের অভিযোগ প্রায়ই অস্বীকার করে। যুক্তরাষ্ট্র চীনকে চিপ তৈরির সরঞ্জাম ও সোডিয়াম পারক্লোরেটের মতো রাসায়নিক উপাদান বিক্রির বিষয়েও সমালোচনা করেছে।
একসময় কম দামে চীনের কাছে ইরানি তেল বিক্রি তেহরানের অর্থনীতির বড় অবলম্বন ছিল। কিন্তু এপ্রিল থেকে দক্ষিণ উপকূলে নৌ-অবরোধ শুরু হওয়ায় সেই তেল বাণিজ্যও বড় ধাক্কা খেয়েছে।
গোপন নেটওয়ার্ক ও সীমান্তের চাপ
সস্তা সার্কিট বোর্ড ও ইলেকট্রনিক যন্ত্রাংশ জাপান, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এমনকি যুক্তরাষ্ট্র থেকেও নানা হাত ঘুরে ইরানে পৌঁছায়। চূড়ান্ত ক্রেতা হিসেবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম আড়াল করতে একাধিক মধ্যস্থতাকারী ও বেসামরিক আড়াল ব্যবহার করা হয়।
ককাসাস, তুর্কমেনিস্তান ও মধ্য এশিয়ার স্থলপথ, আকাশপথ এবং কাস্পিয়ান সাগরের জাহাজগুলো এই সরবরাহে যুক্ত বলে ধারণা করা হয়।
এই পথগুলো বন্ধ করতে ইরাক, তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তানসহ সাত প্রতিবেশীর ওপর সীমান্ত কড়াকড়ির চাপ দিচ্ছে ওয়াশিংটন। পাকিস্তান সীমান্ত ক্রসিং বন্ধ করলেও ইরাক গ্যাস আমদানি ও অভ্যন্তরীণ বাস্তবতায় সব পথ বন্ধ করতে নারাজ।
কাস্পিয়ান সাগরে ২০১৮ সালের চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি নেই এবং তীরবর্তী দেশগুলোও উত্তেজনা এড়াতে সতর্ক। সরবরাহ শৃঙ্খল তদন্তকারী প্রতিষ্ঠান হাইমডালের প্রধান ড্যামিয়েন স্প্লিটারস মনে করেন, প্রতিবেশীদের সহযোগিতা ছাড়া সীমান্ত পাচার ঠেকানো কঠিন।
তেহরান, মস্কো ও বেইজিংয়ের প্রতিক্রিয়া
নতুন মার্কিন উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ তেহরান; বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি একে নিছক কথার মারপ্যাঁচ বলেছেন। অর্থনৈতিক চাপে ইরান ধসে পড়বে—ওয়াশিংটনের এমন ধারণাকেও তিনি নাকচ করেছেন।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রুশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে একতরফা মার্কিন পদক্ষেপ মোকাবিলায় সমন্বয়ের কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই উদ্যোগকে উসকানিমূলক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, তবে চীন এ বিষয়ে নীরব রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
সামরিক প্রস্তুতি ও জনসমর্থনে অপ্রতিরোধ্য ইরান: মেজর জেনারেল মোস্তফা ইজাদি
নেতানিয়াহুর প্রশ্রয়েই পশ্চিম তীরে বাড়ছে ইহুদি সন্ত্রাসবাদ
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ সরকারের