লিবিয়াকে বিদেশি সংঘাতের রণক্ষেত্র হতে দেওয়া যাবে না: জাতিসংঘ

লিবিয়ার বেনগাজি বন্দরে ও শহরটির উপকূলে দুটি জাহাজে হামলার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটিকে বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত না করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) রোববারের হামলার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়। হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, তদন্তে লিবিয়ার কর্তৃপক্ষকে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়। তদন্ত চলাকালে যাচাই না করা তথ্য প্রকাশ এবং ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জাতিসংঘ আরও সতর্ক করেছে, এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া উচিত নয়, যা লিবিয়ার অভ্যন্তরীণ উত্তেজনা বাড়াতে পারে কিংবা দেশটিকে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। সংস্থাটির ভাষায়, লিবিয়াকে বিদেশি সংঘাতের রণক্ষেত্র হতে দেওয়া যাবে না।

বিবৃতিতে লিবিয়ার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির নাগরিক ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের মতে, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করা এবং দেশের নিরাপত্তা রক্ষায় সেগুলোর সক্ষমতা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

লিবিয়ার স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজ এবং শহরটির উপকূলের কাছে থাকা মাল্টার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়। আনাদোলুকে দেওয়া এক লিবীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রথম হামলায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাল্টার জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার রাতে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানায়, তারা জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি লিবিয়ায় ইউক্রেনের সামরিক কর্মকাণ্ড সম্পর্কে ব্যাখ্যাও চেয়েছে সরকারটি। তবে রাশিয়া বা ইউক্রেন—কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।

লিবিয়া বর্তমানে দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে বিভক্ত। দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে ত্রিপোলিভিত্তিক প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবার সরকার। অন্যদিকে, ২০২২ সালের শুরুতে প্রতিনিধি পরিষদ নিয়োজিত ওসামা হাম্মাদের নেতৃত্বাধীন সরকার বেনগাজি থেকে পূর্বাঞ্চল এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা পরিচালনা করছে।

সূত্র: আনাদোলু