নর্থ ক্যারোলিনার একটি গুরুত্বপূর্ণ আসনে শ্বাসরুদ্ধকর জয়ের মাধ্যমে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৩৪ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করেছে ডেমোক্র্যাটিক পার্টি। রোববার (২২ নভেম্বর) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে মাত্র ৩৩০ ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ভার্জিনিয়া ফক্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট নেতা চাক হাবার্ড।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের অন্যতম আলোচিত এই আসনে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে হাবার্ডের বিজয় নিশ্চিত হয়। এই জয়ের পাশাপাশি মার্কিন সিনেটের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা।
৩৪ বছরের রেকর্ড ও নির্বাচনী সমীকরণ
চলতি মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ২৫৮টি আসনে জয় নিশ্চিত করেছে, যেখানে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ১৭৩টি আসন। এখনো চারটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
১৯৯২ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো দল প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন জয়ের মাইলফলক অর্জন করল। নর্থ ক্যারোলিনার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ২০০৫ সাল থেকে টানা প্রতিনিধিত্ব করে আসছিলেন অভিজ্ঞ রিপাবলিকান নেত্রী ভার্জিনিয়া ফক্স।
অঙ্গরাজ্যের নির্বাচনী আইন অনুযায়ী জয়ের ব্যবধান ১ শতাংশের কম হওয়ায় ফক্স ভোট পুনর্গণনার আবেদন করেছিলেন। রোববার সেই পুনর্গণনার চূড়ান্ত ফলাফলে হাবার্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ের পর বিবিসি নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় চাক হাবার্ড বলেন, আমেরিকার সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে বিরক্ত এবং তারা পরিবর্তন চেয়েছে। ভোটাররা ব্যালটের মাধ্যমে সেই পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত এই প্রতিনিধি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হাবার্ড জানান, ফলাফল প্রকাশের পর ভার্জিনিয়া ফক্সের সঙ্গে তার কথা হয়েছে এবং ফক্স অত্যন্ত সৌজন্যের সঙ্গে পরাজয় মেনে নিয়েছেন।
দাফতরিক কার্যক্রম ও নির্বাচনী এলাকার দায়িত্ব সুষ্ঠুভাবে হস্তান্তরের প্রতি ফক্সের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন হাবার্ড। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তারা দুজনেই নর্থ ক্যারোলিনার মানুষের কল্যাণ চান।
অন্যদিকে পরাজয়ের পর এক বিবৃতিতে ভার্জিনিয়া ফক্স জানান, বাস্তবসম্মত সমাধান ও রক্ষণশীল মূল্যবোধ নিয়ে প্রচারণা চালানোর পর বিপুল সংখ্যক ভোটার তাকে সমর্থন দেওয়ায় তিনি কৃতজ্ঞ। খুব সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে পড়লেও ভোটারদের ভালোবাসায় তিনি বিনীত বলে উল্লেখ করেন।
রিপাবলিকান দুর্গে হানা ও ইরান যুদ্ধের প্রভাব
২০২৪ সালের নির্বাচনে এই ভার্জিনিয়া ফক্সের কাছেই ৯ শতাংশ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছিলেন চাক হাবার্ড। তবে এবার নর্থ ক্যারোলিনার পাশাপাশি সাউথ ক্যারোলিনা, টেক্সাস, আলাস্কা ও আইওয়ার মতো কট্টর রিপাবলিকান ঘাঁটিগুলোতেও চমক দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা।
নির্বাচনী প্রচারণায় হাবার্ডসহ অধিকাংশ ডেমোক্র্যাট প্রার্থীই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন। যুদ্ধের কারণে সৃষ্ট তীব্র মুদ্রাস্ফীতি সাধারণ আমেরিকানদের ভোটের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।
খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া মূল্যস্ফীতিই সম্ভবত রিপাবলিকানদের এই নির্বাচনী ভরাডুবির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
হাবার্ডের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, তিনি শ্রমজীবী পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি সরকারি শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাকি আসন ও কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য
প্রতিনিধি পরিষদের যে চারটি আসনের ফলাফল এখনো অমীমাংসিত, সেগুলো টেনেসি ও মিনেসোটা অঙ্গরাজ্যে অবস্থিত। এ ছাড়া লুইজিয়ানার দুটি আসনে আগামী ডিসেম্বরে দ্বিতীয় দফা বা রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমানে টেনেসির চতুর্থ ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডারিক ৩০০-এর কম ভোটে এবং মিনেসোটার প্রথম ডিস্ট্রিক্টে জেক জনসন ৫০০-এর কম ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
কংগ্রেসের উভয় কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) নিয়ন্ত্রণ হাতে আসায় ডেমোক্র্যাটরা এখন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনদের স্বার্থের সংঘাত এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে তদন্ত চালাতে পারবে। এ ছাড়া সিনেটের মাধ্যমে প্রেসিডেন্টের মন্ত্রিসভা ও বিচার বিভাগীয় যেকোনো মনোনয়ন আটকে দেওয়ার ক্ষমতাও থাকবে তাদের হাতে।
তবে কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পেলেও ডেমোক্র্যাটদের ক্ষমতার কিছু সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে। কারণ কংগ্রেসে পাস হওয়া যেকোনো বিল আইনে পরিণত হতে প্রেসিডেন্টের স্বাক্ষর বাধ্যতামূলক, আর ডোনাল্ড ট্রাম্প যেকোনো বিলে 'ভেটো' প্রয়োগ করার পূর্ণ ক্ষমতা রাখেন।
সূত্র: বিবিসি