সামরিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তুলে আনুষ্ঠানিক আইনি লড়াই শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চারটি দেশের আদালতে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে তেহরান।
রোববার (২২ নভেম্বর) ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়েরের এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিপূরণের দাবি
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, হামলায় নিহত শিশুদের পরিবারের সম্মানে আয়োজিত এক স্মরণসভায় মাজিদ আনসারি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, হামলার তথ্যপ্রমাণ সংগ্রহ এবং আন্তর্জাতিক আইনে ক্ষতিপূরণ আদায়ে বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের জেরে ইরান-যুক্তরাষ্ট্র ক্লেইমস ট্রাইব্যুনালে ইতোমধ্যে একটি মামলা করেছে তেহরান। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে চালানো যৌথ হামলার ঘটনায় দ্বিতীয় আরেকটি অভিযোগ দায়েরের প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে।
দেশীয় আদালতে দুই হাজারের বেশি অভিযোগ
ভুক্তভোগী পরিবারগুলোর আইনি সহায়তা প্রসঙ্গে মাজিদ আনসারি জানান, বিচার বিভাগের আইনজীবী কেন্দ্র নিহত ৫ হাজার মানুষের পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ আদালতগুলোতে ২ হাজারের বেশি মামলা নথিভুক্ত হয়েছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনি প্রক্রিয়া জোরালোভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন আনসারি। আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ প্রমাণ করাকে বেশ জটিল প্রক্রিয়া হিসেবে অভিহিত করে তিনি জানান, অকাট্য নথিপত্র সংগ্রহে একটি বিশেষ ‘ক্ষতিপূরণ ব্যবস্থা’ চালু করা হয়েছে।
সংঘাতের পটভূমি ও হরমুজ প্রণালীতে উত্তেজনা
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে তেহরানও ইসরাইল এবং আরব অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরিস্থিতি শান্ত করতে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে মতপার্থক্যের কারণে সেই চুক্তি আটকে যায় এবং জুলাইয়ে পুনরায় সংঘাত শুরু হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও ইরনা
আজ স্বর্ণদ্বীপে ঐতিহাসিক সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে চায় সরকার