সীমান্ত বন্ধ ও ড্রোন ইস্যুতে এস্তোনিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। সীমান্ত বন্ধ করে দেওয়া এবং ইউক্রেনকে হামলার সুযোগ দেওয়ার মতো একাধিক ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগ এনে মস্কো এই কঠোর অবস্থান নিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া এমন সব পদক্ষেপ নিচ্ছে যা সরাসরি যুদ্ধ বাধানোর পরিস্থিতি তৈরি করছে। দেশটিতে বসবাসরত জাতিগত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করার অভিযোগও তুলেছে ক্রেমলিন।

আগামী ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সাথে সীমান্ত ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। এর পাশাপাশি বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনীয় হামলার ঘটনার পর মস্কোর পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এলো।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনীয় কূটনীতিক মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে জানানো হয়, এমন উসকানিমূলক ও বিপজ্জনক আচরণ দুই দেশকে প্রকাশ্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

মস্কোর দাবি, উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনীয় ড্রোনগুলোকে নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে তালিন। এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে বাধা, শস্যের ট্রানজিট নিষিদ্ধ করা এবং রুশ ভাষা ও চার্চ বন্ধের চেষ্টার মতো ‘রুশ-বিদ্বেষী’ অভিযোগও আনা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত কেবল এস্তোনিয়ার জন্যই নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদের জন্যও বুমেরাং হয়ে ফিরবে। জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় মস্কো সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।

অন্যদিকে, রাশিয়ার এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তালিন স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই কোনো বিদেশি রাষ্ট্রকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

এস্তোনিয়ায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার দমনের অভিযোগ মস্কো দীর্ঘদিন ধরেই করে আসছে। উল্লেখ্য, ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ক্ষেত্রেও একই ধরনের যুক্তি দেখিয়েছিল রাশিয়া।

এদিকে, এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টায় রুশ গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ তুলেছিল তালিন, যা মস্কো অস্বীকার করেছে। ন্যাটো মহাসচিব মার্ক রুট বার্লিনে জানিয়েছেন, জোটটি পোল্যান্ড ও এস্তোনিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রতিরক্ষাব্যবস্থা হালনাগাদ করা হবে।

সূত্র: আল জাজিরা