ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রুশ বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিয়েমার এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। ধসে পড়া ভবনের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইউক্রেনের কিয়েভ অঞ্চলের দিয়েমার শহরে রোববার সকালে হামলার পর ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করেন। বিমান হামলার সতর্কতা জারি হলে নিরাপত্তার কারণে কয়েক দফায় অভিযান বন্ধ রাখতে হয়।
কিয়েভ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করার পর নিহতের সংখ্যা ১১-তে পৌঁছায়। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু এবং ৭৯ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
দিয়েমারের বাইরে কিয়েভ অঞ্চলের আরও কয়েকটি স্থানে হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ভিশনেভে একটি সুপারমার্কেটে হামলায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। অন্যদিকে বিলা তসেরকভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ওই অঞ্চলে নিহতের সংখ্যা অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলার খবর পাওয়া গেছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলেও। রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহরসহ আটটি জেলার আকাশে ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি এলাকায় আগুন লাগার ঘটনাও ঘটেছে।
রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও ড্রোন হামলায় তেল সংরক্ষণাগারের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। একই রাতে নভোশাখতিনস্ক শহরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর প্রকাশিত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সেখানে একটি তেল পণ্য উৎপাদন ও শোধনাগার স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের সামরিক সরবরাহ ও জ্বালানি ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বিদ্যুৎ উপকেন্দ্র, বন্দর স্থাপনা এবং রেল যোগাযোগ অবকাঠামো রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা এমন সময়ে বাড়ছে, যখন শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের দেওয়া সামরিক ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা।
পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া
খনি থেকে বাজার—স্বর্ণের বিশ্বে চীনের একচ্ছত্র আধিপত্য
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন