যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও নতুন সমীকরণ ভাবাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিবকে। সামরিক পরিকল্পনাকারীরা যা ভেবেছিলেন, ইরানের হাতে কি তার চেয়েও বেশি প্রতিরোধ সক্ষমতা রয়ে গেছে?
দীর্ঘদিনের হামলায় সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরানের কাছে এখনো দেড় হাজার থেকে আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই বিপুল অস্ত্রভাণ্ডার নতুন করে সামরিক অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত হিসাবকে জটিল করে তুলেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই গোয়েন্দা অনুমানের পাশাপাশি ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের সতর্কবার্তাও উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ইরানে ফের আঘাত হানা হলে লেবানন, সিরিয়া ও গাজাকে ঘিরে বড় আকারের আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে।
সব মিলিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, আরেক দফা হামলা আদৌ কোনো স্থায়ী সমাধান দেবে নাকি পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের হাতে থাকা অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,৫০০ থেকে ২,৫০০-এর মধ্যে হতে পারে। ক্ষেপণাস্ত্রের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ কঠিন হওয়ায় কর্মকর্তারা এই হিসাবকে 'কম-নির্ভরযোগ্য মূল্যায়ন' বলেছেন, তবে বড় ক্ষতির পরও তেহরানের সক্ষমতা যে উল্লেখযোগ্য, তা তারা স্বীকার করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষের মতেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা দেড় হাজারের বেশি। চলতি মাসের শুরুতে এক পশ্চিমা কর্মকর্তা ব্লুমবার্গকে জানান, তেহরানের কাছে অন্তত ১,৭০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে প্রায় ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এর মধ্যেই ইরান আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রকাশ্যে এনেছে। এতে হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক শক্তি দ্রুত পুনর্গঠনের যে আশঙ্কা ছিল, তা আরও ঘনীভূত হয়েছে।
এই পরিস্থিতির প্রভাব শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যায় সীমাবদ্ধ নয়। অবশিষ্ট এই ভাণ্ডার ভবিষ্যতের যেকোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের সক্ষমতা তেহরানকে দিচ্ছে।
নেতানিয়াহুকে ইসরায়েলি গোয়েন্দাদের সতর্কবার্তা
এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মতে, ইরানে নতুন করে হামলা হলে তা একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে।
ইসরায়েলি চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠকে এই মূল্যায়ন তুলে ধরা হয়। গোয়েন্দাদের আশঙ্কা, হামলা হলে লেবানন, সিরিয়া ও গাজায় সংঘাত ছড়িয়ে পড়তে পারে, যা অভিযানকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখার ধারণাকে কঠিন করে তুলবে।
নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছেন বলে খবর থাকলেও ট্রাম্প এখনো সবুজ সংকেত দেননি। এই অবস্থানগত ফারাক একটি বড় সামরিক দ্বিধাকে সামনে আনছে: প্রাথমিক আঘাত সফল হলেও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কি?
ট্রাম্প কেন অপেক্ষা করছেন
প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে নতুন হামলার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর কথাও বলছেন।
গত ১৪ নভেম্বর রয়টার্স জানায়, তেহরান বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে নতুন উসকানি না এলে তিনি ইরানে হামলা না-ও করতে পারেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন গোয়েন্দাদের মতে অতিরিক্ত হামলায় আলোচনায় ইরানের অবস্থানে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
এর পর থেকেই বড় সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প নতুন বছর পর্যন্ত অপেক্ষা করার ইঙ্গিত দিয়ে আসছেন।
তবে সাম্প্রতিক বক্তব্যে তেহরানের ওপর তার অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। গত রোববার ট্রাম্প দাবি করেন, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে; ডেমোক্র্যাটদের দুর্বল ভেবেই তেহরান আরও আগ্রাসী হয়েছে বলে তার অভিযোগ। পাশাপাশি আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথ খোলা রাখার সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
সূত্র: গালফ নিউজ