ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে দেশটিকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি করছে।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করে। এর আগে এস্তোনিয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও বলা হয়েছে, দেশটির ‘উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড’ রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। মন্ত্রণালয় এস্তোনিয়ার বিরুদ্ধে ‘রুশবিদ্বেষী’ মনোভাবের অভিযোগও তোলে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ইউক্রেনের ড্রোনকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া, বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা।
এ ছাড়া রুশ ভাষার ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও করেছে মস্কো।
বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে মস্কো।’
ডিসেম্বর থেকে সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার
এস্তোনিয়া আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে কয়েকটি সীমান্ত পারাপারকেন্দ্র অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দেশটির অভিযোগ, রুশ নিরাপত্তা সংস্থাগুলো এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে।
মস্কো এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর নেতিবাচক প্রভাব শুধু এস্তোনিয়ার ওপর নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদের ওপরও পড়বে।
তবে ইউক্রেনের সামরিক অভিযানে এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়া কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো
বাল্টিক অঞ্চলে ইউক্রেনের ড্রোনের আকাশসীমা ব্যবহারের অভিযোগ রাশিয়া দীর্ঘদিন ধরে করে আসছে। ন্যাটোভুক্ত দেশগুলো ইচ্ছাকৃতভাবে ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে কিয়েভের দাবি, রাশিয়ার সংকেত জ্যামিংয়ের কারণে ইউক্রেনীয় ড্রোনগুলো প্রায়ই ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করে।
এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, জোটটি এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও নজরে রাখা হচ্ছে বলে জানান তিনি।
বার্লিনে সাংবাদিকদের রুটে বলেন, পোল্যান্ড ও এস্তোনিয়ার মতো পরিস্থিতিগুলো ন্যাটো পর্যবেক্ষণ করছে। সামরিক ক্ষেত্রে জোটটি নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়মিত মূল্যায়ন করবে এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করবে।