কলম্বিয়ার কুকুটা শহরে একটি পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলায় ১৮ মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের প্রায় ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নর্তে দে সান্তান্দার পুলিশ বিভাগের ওই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।
ঘাঁটির কাছাকাছি বসবাসকারী অরল্যান্ডো রোয়া স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তাঁর ১৮ মাস বয়সী নাতিও হামলায় আহত হয়েছে। তাকে কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠী ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। অভিযানে সামরিক বাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কয়েকজন মধ্যম সারির কমান্ডারকে আটক করেছে।
এর জবাবে সশস্ত্র গোষ্ঠীগুলো ছোট ড্রোন, গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি রকেট এবং সড়কের পাশে পেতে রাখা বোমা ব্যবহার করে সামরিক ঘাঁটি ও পুলিশ স্টেশনে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত আগস্টে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান শান্তি আলোচনা বাতিল করেছেন। তাঁর পূর্বসূরি বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে এসব আলোচনা শুরু হয়েছিল।
সীমান্ত এলাকায় বাড়ছে সহিংসতা
ভেনেজুয়েলা সীমান্তের কাছে অবস্থিত কুকুটা কলম্বিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। মাদক ব্যবসা ও অন্যান্য অবৈধ চোরাচালান থেকে লাভবান অপরাধী গোষ্ঠীগুলোরও তৎপরতা রয়েছে শহরটিতে। কাছের কাতাতুম্বো অঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং ফার্ক-ইএমসি নামে পরিচিত বিদ্রোহী গোষ্ঠীগুলোও সক্রিয়।
২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ১৪ হাজারের বেশি যোদ্ধা অস্ত্র ছেড়ে সংগঠন থেকে বেরিয়ে আসে।
তবে ফার্কের নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকা থেকে তাদের সরে যাওয়ার পর সেখানে নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এসব এলাকায় নিরাপত্তা ও মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারের ধীরগতির কারণে সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে সহিংসতা বেড়েছে।
সোমবার সেসার অঞ্চলের আরেকটি পুলিশ স্টেশনেও ড্রোন হামলা হয়েছে। এতে এক পুলিশ সদস্য আহত হন। এর আগে শনিবার একই অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় এক সেনাসদস্য নিহত এবং আরও ১২ জন আহত হন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে।
সূত্র: আল-জাজিরা