বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

বাল্টিক সাগরে ড্রোন হামলার পর আগুন ধরে গেছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে। জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় ভেসে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে দেশটির কোস্টগার্ড। এ ঘটনায় জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘স্পার্টা-২’ নামের রুশ পতাকাবাহী জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে কালিনিনগ্রাদের উদ্দেশে যাচ্ছিল। শনিবার আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে বলে জানায় ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ফিনল্যান্ডের সামরিক কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে কিয়েভ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ফিনল্যান্ডের কোস্টগার্ড জানিয়েছে, রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হলেও রোববার পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। উদ্ধারকাজে ফিনল্যান্ডের পাশাপাশি এস্তোনিয়ার নৌবাহিনীর সদস্যরাও সহায়তা করছেন।

এ ঘটনার পর পূর্ব গালফ অব ফিনল্যান্ড এলাকায় সাময়িকভাবে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে হেলসিঙ্কি। উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন প্রতিবেশী দেশগুলোর আশপাশেও ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ফিনল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সূত্র: রয়টার্স।

বিএইচবি
আরও পড়ুন