ইরানের 'আর্থিক নেটওয়ার্ক' ভাঙতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের আর্থিক নেটওয়ার্ক দুর্বল করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরও দেশটির অর্থায়নের পথ বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকার যাতে সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে অর্থ ব্যয় করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিভিন্ন আড়ালকারী কোম্পানি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ইরানের গোপন আর্থিক লেনদেনের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই প্রতিরক্ষার প্রথম স্তর হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত আর্থিক পথগুলো বন্ধ করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

বেসেন্টের ভাষ্য, এসব অবৈধ আর্থিক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আল-জাজিরা