ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর নিরাপত্তা দুর্বলতা সামনে এসেছে। ইরানের হামলায় এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি, মেরামতের বিপুল ব্যয় এবং নতুন করে হামলার আশঙ্কায় অঞ্চলটিতে নিজেদের সামরিক উপস্থিতি পুনর্বিবেচনা করতে পারে ওয়াশিংটন। যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটির সংখ্যা কমানো হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা এবং ১৯টি বড় সামরিক স্থাপনা রয়েছে। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ কয়েকটি দেশে ছড়িয়ে রয়েছে তাদের সামরিক সরঞ্জাম ও অন্যান্য অবকাঠামো।
তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক মাইকেল ও’হ্যানলন মনে করেন, যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছোট পরিসরে নিয়ে আসা হতে পারে।
তাঁর মতে, ভবিষ্যতে মার্কিন সামরিক স্থাপনাগুলো হবে তুলনামূলক ছোট, এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এবং হামলা থেকে সুরক্ষিত। পাশাপাশি ইরান থেকে দূরের অবস্থানগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। তবে সব ঘাঁটির ক্ষেত্রে একই কৌশল অনুসরণ করা হবে না।
শনিবার যুদ্ধ দশম মাসে প্রবেশের প্রেক্ষাপটে বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ভবিষ্যতে ওয়াশিংটনের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল অন্য দেশগুলোর নিরাপত্তা ও কৌশলগত অবস্থানেও।
ক্ষয়ক্ষতি মেরামতে ব্যয় হতে পারে ৯৪০ কোটি ডলার
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ধরে রাখার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি একটি বড় বাধা হতে পারে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের ব্যয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) হিসাব অনুযায়ী, অঞ্চলটির মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার ব্যয় হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে বাহরাইনের একটি ঘাঁটির ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। ১৯৪৮ সাল থেকেই বাহরাইনে মার্কিন নৌবাহিনীর কমান্ডের উপস্থিতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের শুরুর দিকে বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) ঘাঁটিতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়। এটি মেরামতে ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে অনুমান করা হয়েছে।
যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক সম্পদেরও ক্ষতি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন উড়োজাহাজ হারিয়েছে। এর মধ্যে আক্রমণকারী হেলিকপ্টার এবং এফ-৩৫এ ও এফ-১৫ইর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর নাগাদ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
বড় সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে পুনর্বিবেচনা
সিএসআইএসের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান মনে করেন, ইরান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোর পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম।
তাঁর মতে, যুদ্ধবিরতি হলে বা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও অতিরিক্ত মোতায়েন করা বাহিনীর সংখ্যা কমতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর পুনর্নির্মাণ শুরু হতে পারে।
তবে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সব স্থাপনা যুক্তরাষ্ট্র নতুন করে নির্মাণ করবে না বলে মনে করেন ক্যানসিয়ান। এ ক্ষেত্রে বাহরাইনে পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থিত সম্মিলিত বিমান অভিযান কেন্দ্রের কথা উল্লেখ করেন তিনি।
কিছু সামরিক স্থাপনা আকাশপথের হামলা থেকে সুরক্ষিত রাখতে ভূগর্ভে সরিয়ে নেওয়া হতে পারে। আবার কিছু স্থাপনা পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আরও দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে।
বৈশ্বিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ গবেষক ও প্রতিরক্ষা নীতিবিশেষজ্ঞ কেলি গ্রিকোর মতে, বাহরাইন ও কাতারের মতো বড় মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতার মধ্যে থাকায় ঝুঁকির মুখে রয়েছে।
তবে ঘাঁটিগুলো দূরে সরিয়ে নিলেই দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত হবে না। কারণ, ইরান দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে।
গ্রিকোর মতে, সব ঘাঁটি নতুন করে নির্মাণের পরিবর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান ওঠানামার রানওয়ে ও অস্থায়ী সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে নতুন কোনো সংঘাত শুরু হলে এসব স্থাপনা কাজে লাগানো যাবে।
ইরান যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিমানগুলোর জ্বালানি সরবরাহসহ বিভিন্ন কাজে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের মতো স্থাপনার ওপর নির্ভর করেছে।
গ্রিকোর ভাষায়, স্থায়ী সামরিক ঘাঁটি থাকার চেয়ে বিভিন্ন স্থানে প্রবেশাধিকার এবং প্রয়োজন অনুযায়ী সেসব স্থাপনা ব্যবহারের সক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাহিদা ও নতুন জোট
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো একাধিক মার্কিন প্রশাসনেরই লক্ষ্য ছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করেছেন। তাঁর পূর্বসূরি জো বাইডেনের আমলে ২০২১ সালে আফগানিস্তান থেকেও মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়।
তবে নতুন সংঘাতসহ নানা বাস্তবতার কারণে বড় পরিসরে সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
ক্যানসিয়ান বলেন, বাইডেন প্রশাসন এবং ট্রাম্প প্রশাসন—দুই পক্ষই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমাতে চেয়েছে। কিন্তু তারা তা পুরোপুরি করতে পারেনি। ভবিষ্যতেও পারবে কি না, তা নিশ্চিত নয়।
তাঁর মতে, মিত্র ও প্রতিপক্ষ দেশগুলোর অবস্থানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির আকার নির্ধারণে ভূমিকা রাখে। কোনো প্রশাসন সেনা কমাতে চাইলেও চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে তা সব সময় সম্ভব হয় না।
এদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক অংশীদারত্ব গড়ে উঠছে। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো তার সহায়তায় এগিয়ে আসবে।
বিশ্লেষকদের ধারণা, এ চুক্তি মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে। তিন দেশের সম্মিলিত সামরিক শক্তিও উল্লেখযোগ্য। তাদের সক্রিয় সেনাসদস্যের সংখ্যা ১৪ লাখের বেশি। রয়েছে হাজার হাজার ট্যাংক ও সামরিক উড়োজাহাজ। সম্মিলিত প্রতিরক্ষা বাজেট ১২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি।
চুক্তিতে মিসর ও সিরিয়াও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে জোটটির সামরিক সক্ষমতা আরও বাড়বে।
গ্রিকোর মতে, এ ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার পাশাপাশি নিজস্ব সামরিক ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশগুলোর জন্য প্রথম পদক্ষেপ হতে পারে। তাঁর মতে, ইরান যুদ্ধ শুরুর আগেই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের কৌশলগত সম্পর্ক ও নিরাপত্তা অংশীদারত্বে বৈচিত্র্য আনার চেষ্টা করছিল।
এখন মূল প্রশ্ন হলো, দেশগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তার জন্য আরও বেশি নির্ভর করবে, নাকি ধীরে ধীরে সেই নির্ভরতা কমিয়ে আনবে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে যুদ্ধবিরোধী মনোভাব
মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখেও পড়তে পারে। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশটির জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে।
চলতি মাসে জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা যায়, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের উদ্যোগ চান।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ফলেও যুদ্ধ নিয়ে অসন্তোষের প্রভাব দেখা গেছে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ডেমোক্র্যাটদের কাছে হেরেছে। ডেমোক্র্যাটদের অনেক প্রার্থীই ইরান যুদ্ধের বিরোধিতা করেছিলেন।
রিপাবলিকান শিবিরের ভেতরেও এ যুদ্ধ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। একসময় বিদেশের যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিরোধিতা করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে দলের খারাপ ফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাঁদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। ভবিষ্যতে কী করা উচিত, তা নিয়ে সৎ আলোচনা শুরু করতে হলে যুদ্ধের বিষয়টি দিয়েই শুরু করতে হবে।
গ্রিকোর মতে, যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলই বিদেশে সামরিক হস্তক্ষেপের বিষয়ে আগের তুলনায় কম আগ্রহী হয়ে উঠছে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়া উচিত কি না, এ নিয়ে দুই দলের মধ্যে মতভেদ থাকলেও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর পক্ষে একটি প্রবণতা রয়েছে।
তিনি বলেন, ১৯৯০ বা ১৯৯১ সাল থেকে মধ্যপ্রাচ্যের দিকে তাকালে অধিকাংশ মার্কিন নাগরিক দেখেছেন, যুক্তরাষ্ট্র বারবার এই অঞ্চলে সামরিক হস্তক্ষেপ করেছে। কিন্তু এসব হস্তক্ষেপের কোনোটিই ভালো ফল বয়ে আনেনি বলে তাঁদের অনেকের ধারণা।
সূত্র: আল-জাজিরা