বোয়িংয়ের ৫০টি উড়োজাহাজ কিনছে চীনের শিয়ামেন এয়ারলাইনস

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে চীনের চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস। উড়োজাহাজগুলোর তালিকামূল্য প্রায় ৭৪০ কোটি ডলার। তবে বোয়িং উল্লেখযোগ্য ছাড় দেওয়ায় প্রকৃত ক্রয়মূল্য এর চেয়ে কম হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) শেয়ারবাজারে দেওয়া এক নথিতে চায়না সাউদার্ন এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বোয়িংয়ের সঙ্গে ক্রয়চুক্তি করেছে শিয়ামেন এয়ারলাইনস। বড় অঙ্কের উড়োজাহাজ কেনার ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উল্লেখযোগ্য ছাড় দেওয়া প্রচলিত রীতি।

গত মে মাসে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের সময় চীন ২০০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। শিয়ামেন এয়ারলাইনসের নতুন এই ক্রয়াদেশ ওই প্রতিশ্রুতির অংশ কি না, শেয়ারবাজারে দেওয়া নথিতে তা উল্লেখ করা হয়নি।

প্রায় এক দশক ধরে চীনের কাছ থেকে বড় কোনো ক্রয়াদেশ পায়নি বোয়িং। গত বছর বাণিজ্যযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ট্রাম্প দফায় দফায় শুল্ক আরোপ করলে চীন তাদের বিমান সংস্থাগুলোকে বোয়িংয়ের উড়োজাহাজের নতুন চালান গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল বলে খবর প্রকাশিত হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে উড়োজাহাজ-সংশ্লিষ্ট সরঞ্জাম ও যন্ত্রাংশ কেনাও স্থগিত করেছিল বেইজিং।

তবে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, চীনের সঙ্গে বোয়িংয়ের প্রায় ১৪০টি উড়োজাহাজের ক্রয়াদেশের অবস্থা ইতিবাচক। আরও ১০টি ক্রয়াদেশ চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

সোমবার ট্রাম্প বলেন, তাঁর ধারণা চীন বোয়িংয়ের কাছ থেকে আরও ২৫০টি উড়োজাহাজ কিনবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। চীনের কর্মকর্তারাও নতুন করে এতগুলো উড়োজাহাজ কেনার বিষয়টি নিশ্চিত করেননি।

২০৩১ সাল থেকে সরবরাহ শুরু

চায়না সাউদার্নের দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় কেনা ৫০টি উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৪ সালের মধ্যে কয়েক ধাপে সরবরাহ করা হবে। তবে এ চুক্তি কার্যকর হতে কোম্পানির শেয়ারহোল্ডার এবং চীনের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

চায়না সাউদার্ন বলছে, নতুন উড়োজাহাজগুলো শিয়ামেন এয়ারলাইনসের বহর সম্প্রসারণে সহায়তা করবে। বিশেষ করে শিয়ামেনের নতুন শিয়াংআন আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থানান্তরের ফলে তৈরি হওয়া সুযোগ কাজে লাগানো, ফুজিয়ান প্রদেশে বিমান চলাচলের কেন্দ্র গড়ে তোলা এবং উড়োজাহাজের বহরের কাঠামো আরও উন্নত করাই এ ক্রয়াদেশের লক্ষ্য।

ঐতিহাসিকভাবে শিয়ামেন এয়ারলাইনসের পুরো বহরই ছিল বোয়িংয়ের উড়োজাহাজনির্ভর। তবে ২০২৩ সালের শুরুর দিকে লিজের মাধ্যমে প্রথম এয়ারবাস এ৩২১নিও উড়োজাহাজ যুক্ত করার পর প্রায় চার দশকের সেই ধারার অবসান ঘটে।

এদিকে, গত এপ্রিলে চায়না সাউদার্ন ও শিয়ামেন এয়ারলাইনস যৌথভাবে এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার চুক্তিও করেছিল।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন