মিসরে গাড়িতে আগুন, নিহত ৩০

মিসরের বৃহত্তর কায়রো এলাকায় জ্বালানিজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হতাহতের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বৃহত্তর কায়রোর একটি ব্যস্ততম রিং রোডে জ্বালানিবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলার একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের প্রধান মহাসড়কগুলোকে যুক্ত করায় সড়কটিতে সব সময়ই যানবাহনের ব্যাপক চাপ থাকে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত গাড়িটি ছাড়াও আশপাশের আরও কয়েকটি যানবাহন আগুনে পুড়তে দেখা গেছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।

এদিকে মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা