ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফটোসাংবাদিক ও প্রতিবেদক মারিয়াম আবু দাগাকে মরণোত্তর মর্যাদাপূর্ণ ররি পেক পুরস্কারে ভূষিত করা হয়েছে। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া এ পুরস্কারটি তিনি তাঁর দুই সহকর্মী আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফির সঙ্গে যৌথভাবে পেয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) লন্ডনভিত্তিক সংস্থা ররি পেক ট্রাস্ট এ পুরস্কার ঘোষণা করে। সংস্থাটি জানায়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান যুদ্ধের মানবিক বিপর্যয় তুলে ধরতে তাঁদের সাহসী ও শক্তিশালী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
২০২৫ সালের ২৫ আগস্ট দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন মারিয়াম আবু দাগা। হাসপাতালটিতে চালানো ওই হামলায় তিনি ৩৩ বছর বয়সে প্রাণ হারান। তিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন।
গাজায় যুদ্ধ চলাকালে মারিয়াম হাসপাতালগুলোর ভয়াবহ পরিস্থিতি, আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংগ্রাম এবং শিশুদের ওপর যুদ্ধের প্রভাব ক্যামেরায় ধারণ করেন। ইসরায়েলি হামলায় সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে তিনি নিয়মিত কাজ করেছেন।
ররি পেক ট্রাস্টের বিবৃতিতে এপি’র নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, ‘সাংবাদিকেরা ঘটনা নথিবদ্ধ করা এবং জনগণকে তথ্য জানানোর ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করেন। অনেক সময় তাঁরা নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে এ দায়িত্ব পালন করেন।’
তিনি আরও বলেন, ‘আমরা মারিয়াম এবং এই সংঘাতসহ অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিককে সম্মান জানাই। তাঁদের মৃত্যুর বিষয়ে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা অব্যাহত রাখতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে ১৯৯৫ সাল থেকে ররি পেক পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৯৩ সালে মস্কোয় নিহত ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে এ পুরস্কার চালু করা হয়।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকতায় সাহসিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ মারিয়াম আবু দাগাকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম হিরো’ পুরস্কারে ভূষিত করে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) ও ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)। পুরস্কার ঘোষণার বিবৃতিতে বলা হয়, গাজার চলমান নৃশংসতা নথিবদ্ধ করতে তিনি বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তাঁর হত্যাকাণ্ড গাজায় সাংবাদিকদের কাজের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তুলে ধরে। সেখানে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা, বাস্তুচ্যুতি ও খাদ্যসংকটের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সাংবাদিকদের কাজের পরিবেশও ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠে। দুই বছর পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।
প্রতিবেদনটিতে দেওয়া হিসাব অনুযায়ী, তিন বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৩৪ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।