ঝড়ের মুখে গাজা, মানবিক বিপর্যয়ের শঙ্কা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম

আবহাওয়ার বিরূপ পরিস্থিতির আশঙ্কায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় ধরনের মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার পূর্বাভাসে সেখানে আশ্রয়হীন মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা এখন ‘প্রকৃত মানবিক বিপর্যয়ের’ দ্বারপ্রান্তে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, একটি নিম্নচাপের প্রভাবে উপত্যকাটিতে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হতে পারে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বাসাল জানান, তাঁবুতে বসবাস করা হাজার হাজার ফিলিস্তিনি পরিবার বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়লে সেগুলোর নিচে চাপা পড়ার আশঙ্কাও রয়েছে অনেকের।

তিনি আরও বলেন, শীত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় গরম কাপড় ও তাপের ব্যবস্থা না থাকায় শিশুরা তীব্র ঠান্ডায় প্রাণহানির ঝুঁকিতে রয়েছে।

বাসালের ভাষ্য, মানুষের এই দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে। এতে বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি ও বয়স্ক মানুষের জীবন আরও বেশি ঝুঁকির মুখে পড়বে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন