ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। তাদের স্বামী শিবশঙ্কর সাহু ও নবীন সাহু আপন দুই ভাই। শিবশঙ্কর পেশায় অ্যাম্বুলেন্সচালক।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, সোমবার দুই ভাই তাদের স্ত্রীদের হত্যা করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।
পুলিশ জানায়, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তাঁদের স্বামীরা। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারী নিজেদের বিরোধ মিটিয়ে নিয়েছিলেন।
পুলিশ সুপার পিটিআইকে বলেন, ‘মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই ভাই প্রথমে পুলিশকে জানান, তাদের স্ত্রীরা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার কথা স্বীকার করেন।’
জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ মরদেহের সন্ধান পায়। পরে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তখন সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল তাঁদের কাছে।