প্রাণিসম্পদ খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের লক্ষ্য নিয়ে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মাশুক শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু পারিবারিক চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মণিরামপুরের খামারিরাও আন্তর্জাতিক বাজারে মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা ও বেকারত্ব কমাতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রান্তিক খামারিদের প্রশাসনিক ও কারিগরি সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার বলেন, রপ্তানিমুখী খামার গড়ে তুলতে নিরাপদ ও রোগমুক্ত পশুপাখি উৎপাদন জরুরি। খামারিদের কাছে আধুনিক চিকিৎসাসেবা ও টিকা পৌঁছে দিতে প্রাণিসম্পদ দপ্তর কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মণিরামপুর থানার ওসি আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা খান আক্তার হোসেন, মহিলা এমপির প্রতিনিধি বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস এবং খামারি প্রভাষক সঞ্জয় দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বিএনপি নেতা সন্তোষ স্বর, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।
তোমার গায়ে খুব, খুব ‘বাজে গন্ধ’ অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ শ্বেতাঙ্গ নারীর
আজকে শুধু অন্যের কথা শোনার দিন