পেরুর দুর্গম এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত আপুরিমাক, এনে ও মানতারো নদী উপত্যকায় (ভ্রায়েম) সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। একটি সেনা টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় এটি।
‘কোকেন ভ্যালি’ নামে পরিচিত এলাকাটি পেরুর সবচেয়ে বড় কোকা পাতা উৎপাদন অঞ্চল। সেখানে বিভিন্ন সশস্ত্র অপরাধী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যরাও সক্রিয় রয়েছে।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। পাইলট এনজো এসপিনোজা রোকেকে জীবিত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর আগে এটি তিন সেনাসদস্যকে উদ্ধার করেছিল। তবে ওই সেনাদের কেন উদ্ধার করতে হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া ওই তিন সেনাসদস্যও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড অনলাইনে দেওয়া এক বার্তায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংস্থাটি। সামরিক অভিযান পরিচালনার সময় তাঁরা প্রাণ হারিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেটিতে থাকা ১৫ জনের সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পেরু ও কলম্বিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশ।
সূত্র: বিবিসি