মার্কিন বিমানবাহিনীর এক পাইলট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, বহুমুখী কার্যক্ষমতার কারণে তিনি এফ-৩৫ বা এফ-২২-এর চেয়ে এফ-১৬ যুদ্ধবিমানকে বেশি পছন্দ করেন।
ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে অবস্থানরত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে থ্যাংকসগিভিং ডে-র এক ফোনালাপে লেফটেন্যান্ট কর্নেল ব্রেন্ট স্মিথ বলেন, 'যেকোনো সময় এফ-১৬।'
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ‘৫১০তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রন’-এ কর্মরত স্মিথের কাছে ট্রাম্প ওই তিনটি যুদ্ধবিমানের তুলনা জানতে চাইলে তিনি নিজের এই পছন্দের কথা জানান।
এফ-১৬ যুদ্ধবিমানকে 'বিশ্বের সেরা যুদ্ধবিমান' হিসেবে অভিহিত করে স্মিথ বলেন, 'টাকা দিলেও আমি বিমান বদলাব না।'
তবে আধুনিক যুদ্ধে এফ-৩৫ এবং এফ-২২ বিমানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ও সক্ষমতা রয়েছে বলে তিনি স্বীকার করেন। স্মিথ বলেন, 'ওই দুটি বিমানই দারুণ এবং বিশ্বে ও যুদ্ধক্ষেত্রে সেগুলোর নিজস্ব জায়গা রয়েছে; কিন্তু এটি (এফ-১৬) চালানো দারুণ রোমাঞ্চকর। এটি দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারি এবং বিমানটি সব কাজই অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে।'
স্মিথের এমন উত্তরে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প জিজ্ঞাসা করেন, 'সত্যি? তাই নাকি?' এরপর তিনি ওই স্কোয়াড্রনের সাফল্যের প্রশংসা করে স্মিথকে বলেন, 'চারদিক থেকে ওদের গুঁড়িয়ে দিচ্ছেন, লঞ্চার ধ্বংস করছেন, ক্ষেপণাস্ত্র ধ্বংস করছেন। আপনারা অসাধারণ কাজ করছেন।'
আলাপচারিতায় ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। স্মিথ জানান, সংঘাতের শুরুর দিকের তুলনায় ইরানের সামরিক সক্ষমতায় তিনি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছেন।
ইরান এখন আগের চেয়ে কম শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেন, 'নিঃসন্দেহে। আমার মূল্যায়ন হলো, তাদের রসদ ও সরঞ্জাম ফুরিয়ে আসতে শুরু করেছে।'
জবাবে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, আমারও তাই মনে হয়।'