ইরাককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার। একই সঙ্গে সীমান্তসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যেকোনো শত্রুপক্ষের পদক্ষেপ মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মোহাম্মদ মোখবার ইরাককে সতর্ক করে বলেন, দেশটি যেন ‘অপরাধী ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ার’ হয়ে না ওঠে। ইরান ও ইরাকের সীমান্তসংক্রান্ত বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমন বক্তব্যের মধ্যেই ইরানে পৌঁছেছে ইরাকের উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা প্রতিনিধি দল। দুই দেশের সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার বক্তব্যে ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টি আবারও সামনে এসেছে।
অন্যদিকে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে কোনো চুক্তি হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইয়েমেন পরিস্থিতিতেও নতুন উত্তেজনার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র এবং আল শুকাইক লক্ষ্য করে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা।
সূত্র: আলজাজিরা
যুদ্ধক্ষেত্রে নতুন সক্ষমতা, ৩ ক্ষুদ্র ড্রোন উন্মোচন আইআরজিসির
ফাইনালে জাপানকে হারিয়ে ইরানের পঞ্চম শিরোপা