ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে আগামী ২৯ নভেম্বর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির পর সেটি ধাপে ধাপে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত সৃষ্টি হলে এর নাম হবে ‘কানি’, যা মালদ্বীপের দেয়া।

আইএমডির আভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত গঠিত হতে পারে। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে তা নিম্নচাপের আকার ধারণ করতে পারে।

পরবর্তী ধাপে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে এই আবহাওয়াব্যবস্থা আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হওয়ার আভাস রয়েছে। তবে এটি সত্যিই ঘূর্ণিঝড় ‘কানি’তে পরিণত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি। বিভিন্ন আবহাওয়া মডেলের বিশ্লেষণে বলা হয়েছে, সমুদ্রেই এটি দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াব্যবস্থাটি শক্তি অর্জন করলে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে যেতে পারে। অন্যদিকে, আপাতত পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি আঘাত হানার কোনো শঙ্কা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। 

পূর্বাভাস মতে, আগামীকাল থেকে টানা দুই দিন দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, যার ফলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।

কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই বাড়তি তাপমাত্রা দীর্ঘ সময় থাকবে না বলে মনে করা হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে পারদ আবার নিম্নমুখী হতে পারে এবং ৪ ডিসেম্বরের দিকে শীতের আমেজ পুনরায় ফিরে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।