লেবানন সীমান্তে অতি সতর্ক ইসরায়েলি সেনারা

খবর সংযোগ ডেস্ক : লেবানন সীমান্তে অতি সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলি সেনারা।  শুক্রবার (২ নভেম্বর) সকাল থেকে সতর্কতামূলক অবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর অনেকটা বিক্ষিপ্তভাবে এতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা। পাল্টা হামলায় নিহত হয়েছে কয়েকজন হিজবুল্লাহ সেনা।

সেনাদের অতি সতর্কতায় থাকার ব্যাপারে আইডিএফ মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর বড় হামলার জবাবে তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। যে কোনো ধরনের হামলার কঠোর জবাব আমরা অব্যাহত রাখব।

তিনি বলেন, উত্তরাঞ্চলের সীমান্তে সম্পূর্ণ প্রস্তুত আছি এবং আজ বা আগামী দিনের যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় অতি সতর্কতায় রয়েছি।

এদিকে, গাজায় যুদ্ধে হিজবুল্লাহ জড়ালে এটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা সামরিক বিশ্লেষকদের।

সূত্র: বিবিসি