পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে সচল করতে ও তার মিত্রদের সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ক্রমাগত আক্রমণের মুখে এই প্রথম কোনো উপসাগরীয় দেশ সরাসরি যুদ্ধংদেহী অবস্থান নিতে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রভাবশালী গণমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমিরাত বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব পাসের জন্য জোর লবিং চালাচ্ছে, যা এই প্রণালী সচল করতে সামরিক শক্তি ব্যবহারের বৈধতা দেবে। আমিরাতি কূটনীতিকরা যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার শক্তিশালী সামরিক দেশগুলোকে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন।
একজন আমিরাতি কর্মকর্তা বলেন, ইরান বর্তমানে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে বলে মনে করছে এবং তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবে না।
সংযুক্ত আরব আমিরাত সক্রিয়ভাবে এই অঞ্চলে নিজেদের সামরিক ভূমিকা পর্যালোচনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালী মাইনমুক্ত করা এবং অন্যান্য লজিস্টিক সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আমিরাত দাবি করেছে যে, বিতর্কিত আবু মুসাসহ কৌশলগত দ্বীপগুলো যুক্তরাষ্ট্রের দখল করা উচিত। উল্লেখ্য, গত অর্ধশতাব্দী ধরে দ্বীপটি ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আমিরাত এটি নিজেদের বলে দাবি করে আসছে।
ট্রাম্পের যুদ্ধ অবসানের বার্তা ও ‘অপারেশন এপিক ফিউরি’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটার সময় ঘনিয়ে এসেছে। কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ওয়াশিংটন এই সংঘাত থেকে সরে আসার এবং তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করছে না।
মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব শীঘ্রই ফিরব। সম্ভবত আগামী দুই বা তিন সপ্তাহের মধ্যেই আমাদের প্রস্থান হতে পারে।’ ইরানের সঙ্গে চুক্তি হওয়া কি জরুরি—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, ‘ইরানকে কোনো চুক্তি করতে হবে না। না, আমার সাথে তাদের কোনো চুক্তির বাধ্যবাধকতা নেই।’
এর আগে ওয়াশিংটন হুমকি দিয়েছিল যে, ইরান যদি ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব না মানে, তবে ‘অপারেশন এপিক ফিউরি’ আরও জোরদার করা হবে। ওই প্রস্তাবের মূল শর্ত ছিল—ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিতে হবে। বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, দুই পক্ষের মধ্যে যেকোনো সময় একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘এখনই শেষ নয়, তবে আমরা শেষ রেখাটি দেখতে পাচ্ছি।’
কুয়েত, বাহরাইন ও কাতারে হামলা: উত্তপ্ত মধ্যপ্রাচ্য
শান্তির বার্তার মাঝেই বুধবার ভোরে বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইনের একটি শিল্প প্রতিষ্ঠানে ইরানি হামলার ফলে আগুনের খবর পাওয়া গেছে। কাতারের রাজধানী দোহার কাছে একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা আক্রান্ত হয়েছে, তবে ক্রুরা নিরাপদ আছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস।
অন্যদিকে, ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ শোনা গেছে। ইরানের বৃহত্তম যাত্রীবাহী টার্মিনাল ‘শহীদ হাক্কানি বন্দর’-এ বিমান হামলা হয়েছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ইরানি কর্তৃপক্ষ একে বেসামরিক অবকাঠামোতে ‘অপরাধমূলক হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা ‘রাবদান-শুয়াইমান’ শীর্ষক যৌথ সামরিক মহড়া পরিদর্শনে। ২২ নভেম্বর ২০২৫, বাহরাইনের মানামায়
বাজার পরিস্থিতি
বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই উত্তেজনার মধ্যেও যুদ্ধের অবসানের আশায় এশীয় শেয়ার বাজারে বুধবার চাঙ্গাভাব দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩.৯% বেড়েছে এবং এমএসসিআই এশিয়া-প্যাসিফিক সূচক ২.৭% বৃদ্ধি পেয়েছে। তবে তেলের বাজারে এখনো এক ধরনের উদ্বিগ্নতা বিরাজ করছে।
৫৪ বছর পর চাঁদের পথে ৪ নভোচারী
