তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে বাধা নেই সিসির!

মিসরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার এক দশক পর আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে তৃতীয় মেয়াদের নির্বাচন শুরু হবে। এরইমধ্যে দেশটির রাজধানী কায়রোর রাস্তা ছেয়ে গেছে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ছবিযুক্ত বিলবোর্ড-পোস্টারে। অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারে অন্য কোনো প্রার্থীর উপস্থিতি টের পাওয়া বস্তুত দুষ্কর। ৬৯ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধান বেসামরিক উর্দি চড়িয়ে ‘বিরোধীশূন্য’ মাঠে আরেক মেয়াদে ক্ষমতায় আসার যাবতীয় বন্দোবস্তই পাকা করেছেন।

সিসির সমর্থক ও মিসরের আইনসভার সদস্য গোউদা বলেন, শহরগুলোতে যত ব্যানার দেখা যাচ্ছে তার সবই প্রেসিডেন্টের প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ।

মিসরের আইনসভার বৃহত্তম দল নেশনস ফিউচার পার্টি সিসির সরকারকে সমর্থন দিয়ে আসছে। এবারের নির্বাচনে সিসি ছাড়াও লড়ছেন আরও তিনজন। তারা হলেন- ওয়াফদ পার্টির নেতা আবদেল সানাদ ইয়ামামা এবং মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং রিপাবলিকান পিপল পার্টির নেতা হাজেম ওমর। তবে এসব নেতাদের কেউ মনোযোগ আকর্ষণ করতে পারেননি।

আরব বসন্তের গণবিক্ষোভে মিসরের দীর্ঘকালের শাসক হোসনি মোবারকের পতন হলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। তাকে উৎখাত করে আবদেল ফাত্তাহ আল-সিসি ২০১৪ সালে ক্ষমতা দখল করেন। ২০১৮ সালে কঠোর নিয়ন্ত্রণমূলক নির্বাচনের মধ্যদিয়ে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি।

সূত্র : রয়টার্স