ইয়েমেনে হামলা নয়, সৌদি ভূখণ্ড রক্ষায় সহায়তা দেবে মিসর: সিসি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম

সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় রিয়াদকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিলেও ইয়েমেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মিসরভিত্তিক সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিসি স্পষ্ট করেছেন, সৌদি আরবকে সহায়তা দেওয়ার উদ্যোগের লক্ষ্য দেশটির ভূখণ্ড রক্ষা করা। এর আওতায় ইয়েমেনে কোনো হামলা চালানো হবে না। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মিসরের সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে আলোচনার মধ্যে তার এই বক্তব্য সামনে এসেছে।

সিসি আরও বলেছেন, উপসাগরীয় অঞ্চলে মিসরের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর স্থিতিশীলতা তার দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আল-কাহেরা নিউজ তার বক্তব্যের এই অংশও প্রকাশ করেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় তার ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ সম্প্রচার করা হয়নি।

সৌদি আরবের নিরাপত্তায় সহায়তা এবং ইয়েমেনে সরাসরি সামরিক অভিযান থেকে নিজেদের ভূমিকা আলাদা রাখার বিষয়ে সিসির বক্তব্যে মিসরের অবস্থান স্পষ্ট হয়েছে। তবে সৌদি আরবকে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হতে পারে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ডন

এএস
আরও পড়ুন