হজযাত্রীদের শাস্তির বিধান জারি করল সৌদি আরব

হজযাত্রীদের মধ্যে কেউ নিয়ম ভঙ্গ করলে শাস্তির বিধান জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার (৭ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, আগামী ২ থেকে ২০ জুনের মধ্যে যে কেউ অনুমতি ছাড়া হজের নিয়মাবলী এবং নির্দেশাবলী লঙ্ঘন করলে তাদেরকে শাস্তি দেয়া হবে।

মন্ত্রণালয় আরো জানায়, হজের নিয়ম ভঙ্গকারীদের দেশে পাঠিয়ে দেয়া হবে এবং পুনরায় সৌদি আরব প্রবেশ নিষিদ্ধ করা হবে। এছাড়াও অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।

এর আগে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যে প্রবাসী আইন ভঙ্গ করবেন, তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেয়া হবে। কারাভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ও পরবর্তী ১০ বছর তার সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হবে। এমনকি, আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে আশেপাশের সবাই তাদের চিনে রাখতে পারেন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।