ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণকাজের সূচনা করা হয়।
উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের দাবি, প্রায় ১ হাজার ২০০ মাওলানা, মুফতি ও হাফেজ কোরআন তেলাওয়াতে অংশ নেন। এর পর আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। হুমায়ুন কবির বলেন, ‘আমার জীবন শেষ হয়ে গেলেও আমি মসজিদ নির্মাণের কাজ থামাব না। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণে কেউ বাধা দিতে পারবে না।’
জানা গেছে, নির্মাণকাজে অংশ নিতে ইতোমধ্যে প্রকৌশলী ও শ্রমিকরা মুর্শিদাবাদে পৌঁছেছেন। মসজিদ নির্মাণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার দীর্ঘ ‘বাবরি যাত্রা’ শুরুর ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। যাত্রাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
তবে মসজিদ নির্মাণকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে এ নির্মাণের বিরোধিতা করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ উদ্যোগ মেনে নেবে না।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি কারও বিরুদ্ধে নই। তবে কেউ যদি মসজিদ নির্মাণে বাধা দেয় বা ভাঙার চেষ্টা করে, আমরা আইনি পথে তার মোকাবিলা করব।’ তিনি আরও বলেন, ‘এটি উত্তরপ্রদেশ বা বিহার নয়, এটি মুর্শিদাবাদ। এখানে আমার সাংবিধানিক অধিকার আছে। সুপ্রিম কোর্ট মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা দেয়নি।’
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। তার আগে ৪ ডিসেম্বর তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২২ ডিসেম্বর তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।
এদিকে, আসন্ন নির্বাচনে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন মিম এর সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে আজ
শাবানা মাহমুদ কি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী?
