মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছে ইউটিউবার দাউদ কিমের। তিনি দক্ষিণ কোরিয়ার ইঞ্চোন শহরে মসজিদটি নির্মাণ করছেন।
দাউদ কিম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পরে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সারা বিশ্বে বিখ্যাত বনে যান। জনপ্রিয় এই ইউটিউবার তার নিয়মিত ব্লগে ইসলামিক বিভিন্ন কনটেন্ট, নামাজ পড়ার ভিডিওসহ নানা কিছুই পোস্ট করে থাকেন।
দাউদ কিম তাঁর বেশ কয়েকটি ভিডিওতে কোরিয়ায় মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে দাউদ কিমের এই ইচ্ছে বাস্তবে রূপ নিয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মসজিদ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন কিম। এক পোস্টে তিনি লিখেন, অবশেষে আপনাদের সাহায্যে আমি ইঞ্চোনে মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেছি। খুব শিগগিরই জায়গাটিতে মসজিদ নির্মিত হবে। আমি বিশ্বাস করতে পারছি না আমার এই স্বপ্ন পূরণ হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে তিনি আরও জানান, ওই জমিতে মসজিদের পাশাপাশি একটি ইসলামিক পডকাস্ট স্টুডিও তৈরি করবেন। যেখানে কোরিয়ানদের ইসলামের দাওয়াত দেওয়া হবে।