১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগরিকদের খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখার এই অনুরোধ জানানো হয়েছে।
চন্দ্রবর্ষ অনুযায়ী মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। মঙ্গলবার সৌদি আরবে শাবান মাসের ২৯ তারিখ। আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদিতে রোজা শুরু হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, কোনো নাগরিক যদি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদের দেখা পান, তবে তিনি যেন নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। আজ রাতেই চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।
পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের (জিসিসিভুক্ত) দেশগুলোতে ইতোমধ্যে সরকারি ও বেসরকারি কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও শারীরিক চাহিদা থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেন।