সৌদিতে মঙ্গলবার রমজানের চাঁদ দেখতে সুপ্রিম কোর্টের নির্দেশনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ এএম

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট এই আহ্বান জানায়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, যদি কেউ খালি চোখে কিংবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পায়, তাহলে সে যেন নিকটতম বিচারিক কেন্দ্রে সে বিষয়ে সাক্ষ্য দেয়।

সৌদি আরবের দাফতরিক ক্যালেন্ডার উম্মুল-কুরা অনুসারে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯ তারিখ।

সুতরাং মঙ্গলবার যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে প্রথম রোজা পালিত হবে।

পক্ষান্তরে এদিন চাঁদ দেখা না গেলে, শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এবং এর আগের দিন বুধবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ উদিত হবে।

HN
আরও পড়ুন