মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভরে উঠেছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্যে। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। রাতের আকাশে সাদা ধোঁয়ার রেখা আর বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।
দোহায় আকাশজুড়ে বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহায় নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য দেখা গেছে। আকাশে একের পর এক সাদা রেখা ইঙ্গিত দিচ্ছিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে। প্রত্যক্ষদর্শীরা অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার রেখা দেখা যায়, যা মাঝ আকাশেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেয়।
একই সময়ে কাতারের উত্তরাঞ্চলে একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
কুয়েতে বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলি আল সালেম বিমান ঘাঁটি কে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনী সবগুলো ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্টাফ সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ ঘাঁটির আশপাশে পড়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আমিরাতেও প্রতিরক্ষা সক্রিয়
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে—যা সম্ভবত মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফলেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।