দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটির উদ্ধৃতিতে শহর কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর বলেন, 'আজ সকালে ইসরায়েল সরাসরি স্কুলটিতে হামলা চালিয়েছে।' হামলার সময় স্কুল ভবনের ভেতরে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানান তিনি।
ভোরের ক্লাস চলাকালীন আকস্মিক বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনের একটি অংশ। স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ধোঁয়া ও ধুলায় ঢেকে যায় স্কুল প্রাঙ্গণ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক শিক্ষার্থীকে বের করে আনছেন।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। মিনাবসহ পুরো হরমোজগান প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি কর্মকর্তারা হামলাটিকে বেসামরিক স্থাপনায় সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তবে এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
দক্ষিণ ইরানে স্কুলে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৪
এবার তেল আবিবে বিস্ফোরণ
