ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ইরানে চলমান সামরিক অভিযানে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যা চলমান হামলায় যুক্তরাষ্ট্রের প্রথম প্রাণহানির ঘটনা।

রোববার (১ মার্চ) ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, একই ঘটনায় আরও পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত তা গোপন রাখা হবে বলেও জানানো হয়।

সেন্টকম জানায়, কয়েকজন সেনা শার্পনেলজনিত আঘাত ও কনকাশনে আক্রান্ত হয়েছেন, তবে তাদের অনেককেই চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বড় পরিসরে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

এমন এক সময় এই প্রাণহানির ঘটনাটি ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা দ্বিতীয় দিনের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশই নিহত হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, আর তার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করে ইরান।

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভুলোশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সেন্টকম আরও জানিয়েছে, অভিযান শুরুর পর থেকে তারা এক হাজারের বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে বিপ্লবী গার্ডের স্থাপনা ও নৌবাহিনীর সাবমেরিনও রয়েছে।

ওয়াশিংটন থেকে আলজাজিরা এর প্রতিবেদক অ্যালান ফিশার বলছেন, মার্কিন সেনা নিহতের ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় মোড় গুরিয়ে দেওয়ার মত হতে পারে। ইতোমধ্যে কংগ্রেসে এ অভিযান নিয়ে জরুরি বিতর্কের দাবি উঠছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত এগোচ্ছে এবং তিনি এতে উদ্বিগ্ন নন। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলা না হলে অল্প সময়ের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি পৌঁছে যেত।

তবে ইরান ভিন্ন সুরে কথা বলছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, আত্মরক্ষার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত । খামেনির হত্যার প্রতিশোধ নিতেও তারা প্রস্তুত। সূত্র: আলজাজিরা