ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে ৫৫৫: রেড ক্রিসেন্ট

ইরানের শহর ও গ্রামগুলোতে ধ্বংসস্তূপ আর আতঙ্কের নীরবতা। দেশজুড়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলায় দেশজুড়ে কমপক্ষে ১৩১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও মানবিক ত্রাণ কার্যক্রম কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে। সংস্থার উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে ত্রাণ সরবরাহ করছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী ১,০০,০০০-এর বেশি কর্মী সতর্ক অবস্থানে রয়েছেন। মানবিক পরিষেবা, জরুরি সহায়তা এবং মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য প্রায় চার মিলিয়ন স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রয়েছে।

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, 'ধ্বংসস্তূপের মাঝেও আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমাদের লক্ষ্য ক্ষতিগ্রস্তদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এবং প্রাথমিক সহায়তা নিশ্চিত করা।' সূত্র: আলজাজিরা