সৌদি তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা তেল শোধনাগারে সোমবার (২ মার্চ) ইরানের শাহেদ-১৩৬ ড্রোন হামলা চালিয়েছে। হামলার সঙ্গে সঙ্গে শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে ঘটনাস্থলে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা শোধনাগারে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের অপরিশোধিত তেল শোধন সম্ভব। পাশের রপ্তানি টার্মিনাল থেকে বিশ্ববাজারে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পাঠানো হয়। শোধনাগারে শোধন ইউনিট, বড় বড় তেল সংরক্ষণ ট্যাংক, পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক জাহাজের জন্য গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া এবং নজরদারি সর্বদা জোরদার।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সম্ভাবনা বাড়িয়েছে। ইরান সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক বিমান হামলার ঘটনাও ঘটেছে। সূত্র: আলজাজিরা