ইসরায়েলে ভয়াবহ ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ইরান ইসরায়েলের লক্ষ্য করে ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা (সাব-মিউনিশন) ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে তেলআবিব।

মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের একটি এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এতে অন্তত এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তেল আবিব জেলার কমান্ডার হাইম সারগারফ বলেন, মধ্যাঞ্চলের একাধিক স্থানে এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে আইডিএফ জানিয়েছিল, ইরান ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সংস্থাটির দাবি, গত বছরের জুনে সংঘটিত যুদ্ধেও একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল ইরান।

তবে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের জন্য জারি থাকা নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে আইডিএফ।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে। হামলার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল