'ইরানের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনাও নয়', মধ্যবর্তী অবস্থানে ট্রাম্প

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না। তবে তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখতে চায় তাঁর প্রশাসন। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্প প্রতিদিন একাধিক গোয়েন্দা ব্রিফিং পেয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আপাতত ইরানের সঙ্গে আবার যুদ্ধে ফেরার কোনো ইচ্ছা ট্রাম্পের নেই—বিষয়টি এখন বেশ স্পষ্ট।

প্রতিবেদনে বলা হয়, সংঘাতের অষ্টম মাসে এসে ট্রাম্প প্রশাসন একটি মধ্যবর্তী অবস্থান নিয়েছে। অর্থাৎ নতুন করে যুদ্ধ শুরু করা হবে না, ইরানের সঙ্গে আলোচনাও হবে না, আবার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে না।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা আর চালিয়ে যেতে চান না তিনি। এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্য বিষয়গুলোতে মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তাঁরা আপাতত বর্তমান পরিস্থিতিই বজায় রাখছেন।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতিকে অচলাবস্থা হিসেবে দেখার ধারণা প্রত্যাখ্যান করেছেন। প্যারিসে জি-৭ সম্মেলনের এক ফাঁকে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও এর ফলে দেশটির সরকারের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে, তা এতটাই কার্যকর যে প্রেসিডেন্টের বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।

রুবিও ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে কার্যত নৌ চলাচল বন্ধ করে দেয়।

যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগও ভেস্তে যায়।

সূত্র: আনাদোলু

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত