আরব আমিরাতে আবারও ব্যালিস্টিক মিসাইল ও ৬ ড্রোনের আঘাত

সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৫ মার্চ মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে।

একই সঙ্গে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে আমিরাতকে লক্ষ্য করে চালানো ইরানের হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিদেশি নাগরিক—একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের নাগরিক।

হামলা শুরুর পর থেকে মোট ৯৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে আমিরাত সরকার। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।