লেবাননের হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

রোববার (৮ মার্চ) প্রকাশিত প্রতিবেদন জানা গেছে, বৈরুতের জনপ্রিয় পর্যটন এলাকা 'রওশা'-র একটি হোটেলে বিমান হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৪ জন নিহতের পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন। এলাকাটি দক্ষিণ লেবানন ও বৈরুতের অন্যান্য অঞ্চল থেকে আসা বাস্তুচ্যুত মানুষের ভিড়ে ঠাসা ছিল। হামলার পর আতঙ্কিত মানুষজন ভবনটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে যেতে দেখা গেছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করলে লেবানন এই আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ধারাবাহিক সংঘর্ষে এখন পর্যন্ত ১,৩০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর থেকে 'রওশা' এলাকাটি তুলনামূলক নিরাপদ ছিল। কিন্তু বর্তমানে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করায় বৈরুতের প্রাণকেন্দ্রে এই সরাসরি হামলার ঘটনা ঘটল। বর্তমানে লেবাননের বেকা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি স্থল ও আকাশ অভিযান অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।