গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫ ফিলিস্তিনি, আহত বহু মানুষ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় নারী-শিশুসহ আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-সিনা এলাকায় মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত দুজন নিহত এবং চারজন আহত হন।

এ ছাড়া কাছাকাছি আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে। আল-মাওয়াসি এলাকাটিকে আগে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছিল।

উত্তর গাজার গাজা সিটির ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স পরিষেবার একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ওই হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার প্রতিবেদনকালীন সময়ে হাসপাতালগুলোতে অন্তত চারজন ফিলিস্তিনির মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও ১৪ জন।

মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৪৪ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ৬৯২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ৫ হাজার ৫৭৩ জন।

যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত