ইসরায়েলের হাইফা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ'র অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জবাবে দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, রোববার (৮ মার্চ) তারা ইসরায়েলের সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের কয়েকটি শহর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তাদের হামলার প্রধান লক্ষ্য ছিল হাইফা নৌঘাঁটি, উত্তরাঞ্চলের মিসগাভ ঘাঁটি এবং উপকূলীয় শহর নাহারিয়া।

গোষ্ঠীটির দাবি, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগেও শনিবার একই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছিল তারা।

আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল মিসগাভ ঘাঁটি। উত্তর ইসরায়েলের ওই ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, এই ঘাঁটি ইসরায়েলি বাহিনীর একটি লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

হিজবুল্লাহ আরও জানায়, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে রাজধানী বৈরুত–এর দক্ষিণ শহরতলীসহ লেবাননের ডজনখানেক শহর ও নগরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।

এছাড়া উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়াকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, শহরটিতে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি নাহারিয়া শহরের উদ্দেশে আগে দেওয়া সতর্কবার্তার অংশ।

এদিকে লেবাননে অভিযানে গিয়ে দুই ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে বলেও স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ওই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আলজাজিরা।