বেকারি শপে ঢুকে মেয়র ও ডেপুটিকে এলোপাতাড়ি গুলি

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আরব প্রধান শহর আরাবায় এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। একটি রেস্তোরাঁয় বসে সহকর্মীদের সঙ্গে নৈশভোজ করার সময় মুখোশধারী এক দুর্বৃত্তের গুলিতে শহরটির মেয়র আহমদ নাসের এবং ডেপুটি মেয়র আনোয়ার ইয়াসিন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত ‘তাকসিম বেকারি’তে এই হামলা হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেয়র আহমদ নাসের, ডেপুটি মেয়র আনোয়ার ইয়াসিন এবং আরও কয়েকজন একটি টেবিল ঘিরে কথা বলছিলেন। হঠাৎ এক মুখোশধারী ব্যক্তি পিস্তল হাতে দোকানে প্রবেশ করে এবং টেবিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। উপস্থিত ব্যক্তিরা প্রাণভয়ে টেবিলের নিচে ও পাশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। গুলিতে আহত হয়ে মেয়রকে মেঝের ওপর পড়ে যেতে দেখা যায়। হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মেয়র নাসের এবং ডেপুটি মেয়র আনোয়ার ইয়াসিন—উভয়ের শরীরেই গুলির আঘাত রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক না হলেও বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মেয়র আহমদ নাসের গত জুলাই মাসে দেশটির সংসদীয় (নেসেট) কমিটির বৈঠকে অপরাধী চক্রের পক্ষ থেকে আরব মেয়রদের প্রাণনাশের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ইতোপূর্বে তার বাড়িতেও কয়েক দফা গুলিবর্ষণ করা হয়েছিল, যার ফলে পুলিশ তার ব্যক্তিগত নিরাপত্তার মাত্রা সর্বোচ্চ স্তরে বাড়িয়েছিল।

এই হামলার রেশ কাটতে না কাটতেই ইয়াফ্ফায় (Jaffa) গত সপ্তাহে গুলিতে আহত হওয়া মাহমুুদ দাক্কা নামের এক যুবক রোববার হাসপাতালে মারা গেছেন। চলতি বছরের প্রথম তিন মাসেই ইসরায়েলের আরব সম্প্রদায়ের অন্তত ৬৩ জন নাগরিক অপরাধী চক্রের সহিংসতায় প্রাণ হারিয়েছেন। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৫২ জন।