ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সঘাতের প্রভাব ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস পর্যন্ত পৌঁছেছে। দেশটিতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেলেও যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সাইপ্রাস।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস স্পষ্টভাবে জানিয়েছেন ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত সম্পর্কিত কোনো সামরিক অভিযানে সাইপ্রাস অংশ নেবে না। বরং দেশটি মানবিক সহায়তা ও সংকট মোকাবিলায় সহযোগিতামূলক ভূমিকার ওপর গুরুত্ব দেবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় বলে খবর প্রকাশিত হয়। এরপর থেকে তেহরানও পাল্টা কঠোর প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। ইরান সরাসরি ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাতেও আঘাত হানছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাতটি দীর্ঘায়িত হলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: আলজাজির