শান্তির বদলে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ তেহরানের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে নিরসনের আলোচনা স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মোতায়েন করেছে ওয়াশিংটন। মার্কিন এই সামরিক পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তেহরান।

ইরানের নীতিনির্ধারকদের মতে, অঞ্চলটিতে মার্কিন রণতরীর উপস্থিতি নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরুরই ইঙ্গিত দেয়। সোমবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তেহরান মনে করে, এই রণতরী পাঠানোর মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে, ওয়াশিংটন আসলে শান্তি প্রতিষ্ঠায় মোটেও আগ্রহী নয়। আল জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতেই ইরানিরা এখন আর আস্থা রাখতে পারছে না।

ইরানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র মূলত সময় ক্ষেপণ করছে। নতুন একটি সংঘাতে জড়ানোর জন্য পর্যাপ্ত সামরিক শক্তি ও সেনা সমাবেশ ঘটাতেই তারা এই কৌশল নিয়েছে।

তবে যেকোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। দেশটির দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তারা প্রতিনিয়ত অত্যাধুনিক সব সমরাস্ত্র তৈরি ও মজুত করছে।

সূত্র: আল জাজিরা 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত