আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা ‍নিহত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হন।

তবে বিবৃতিতে হেলিকপ্টারটির ধরন, দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান বা এ ঘটনার সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার কোনো সম্পর্ক আছে কি না এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনায় নিহত দুই সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ফলে পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে এই হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এলো।

সূত্র: গালফ নিউজ, রয়টার্স